নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এমপির ব্যক্তিগত গাড়িটি গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যায়। এসময় তেলের লাইনে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন থাকলেও হঠাৎ তেল শেষ হয়ে যায়। এ নিয়ে আগে-পরে তেল দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এরই মধ্যে এমপির গাড়িটি পাম্পে প্রবেশ করে। তবে গাড়িতে এমপি মাছুম মোস্তফা উপস্থিত ছিলেন না। বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত কয়েকজন ব্যক্তি গাড়িটির গ্লাস ও লাইট ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।