বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি গণমাধ্যমের কাছে নিজের এই সিদ্ধান্তের কথা জানান।
খালেদ মাহমুদ সুজন জানান, সরাসরি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বা সুযোগ নেই। তবে পেশাদার কোচ হিসেবে তিনি বিসিবিকে অন্য কোনোভাবে সহায়তা করতে আগ্রহী। কোচিং বা ক্রিকেটের মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে কাজ করার সুযোগ থাকলে আমি বিবেচনা করবো। এছাড়া বিসিবি আমাকে যোগ্য মনে করলে আমি ক্রিকেটের সাথেই অন্য কোনো ভূমিকায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবো।
সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সাথে খালেদ মাহমুদ সুজনের ক্রিকেট উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুজন জানান, তামিমের সাথে তার আলাপের মূল কেন্দ্রবিন্দু ছিল দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা এবং আগামীর পরিকল্পনা। বিশেষ করে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন ও উন্নতির কৌশল নিয়ে তামিমের বিভিন্ন চিন্তাভাবনা ও আইডিয়াগুলো আমি শুনেছি এবং আমার আইডিয়াগুলো শেয়ার করেছি। ইতোমধ্যে আমি তামিমকে নিজের নির্বাচনের অনিচ্ছার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।
চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর তামিম জানিয়েছিলেন, আগামী জুনের মধ্যে বিসিবির সাধারণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের।
/কহু