দোরিয়েলতনের গোলে ব্রাদার্সকে হারিয়ে এগিয়ে গেল কিংস

ক্রীড়া প্রতিবেদক

খেলা

মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়ন গোলরক্ষক ইসহাকের অসামান্য দৃঢ়তায় বারবার

2026-04-26T04:54:21+00:00
2026-04-26T04:54:21+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
দোরিয়েলতনের গোলে ব্রাদার্সকে হারিয়ে এগিয়ে গেল কিংস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ এএম 
প্রতীকী ছবি
মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়ন গোলরক্ষক ইসহাকের অসামান্য দৃঢ়তায় বারবার থমকে যেতে হয়েছে কিংসের ফরোয়ার্ডদের। তবে শেষ পর্যন্ত দোরিয়েলতনের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে ১-০ ব্যবধানে ব্রাদার্সকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কিংস। ৯ মিনিটে সাব্বিরের হেড লক্ষ্যভ্রষ্ট হলেও ১৭ মিনিটে ফাহিমের জোরালো শট আটকে দেন ব্রাদার্স কিপার ইসহাক। তবে ২২ মিনিটে আর রক্ষা পায়নি ব্রাদার্স। ইয়াসিন সিফাতের ভুল পাসের সুযোগ নিয়ে বক্সে বল বাড়ান সাদ। সেখান থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়ে ব্রাদার্স। ২৮ মিনিটে বক্সের ঠিক সামনে হাত দিয়ে বল ধরে হলুদ কার্ড দেখেন কিংস কিপার জিকো। তবে জামালের নেওয়া সেই বিপজ্জনক ফ্রি-কিক লাফিয়ে কর্নার করে দলকে বাঁচান তিনি। বিরতির ঠিক আগে ৪১ মিনিটে ব্রাদার্স অধিনায়ক জামালের একটি শট সাইড জালে লাগলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্রাদার্সের বক্সে তটস্থ করে রাখে কিংস। ৫৪ মিনিটে সোহেল রানা জুনিয়রের পাস থেকে ফাহিমের শট ঠেকিয়ে দেন ইসহাক। ফিরতি শটে দোরিয়েলতন চেষ্টা করলেও তা ব্লক করেন দিয়েরা। ম্যাচের ৬৫ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন ফাহিম; রাকিবের ক্রস থেকে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। ৭১ মিনিটে দোরিয়েলতনের নিশ্চিত হেড ফিস্ট করে আবারও ত্রাতা হয়ে দাঁড়ান ইসহাক।

এই জয়ের পর ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ধরাছোঁয়ার বাইরে রইল কিংস। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। 

দিনের অপর ম্যাচে পিডব্লিউডি এসসিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরু থেকেই পিডব্লিউডির রক্ষণভাগে চাপ সৃষ্টি করে মোহামেডান। এর ফলও মেলে দ্রুত। ১৫ মিনিটে হোসেনের সহায়তায় চমৎকার এক গোলে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জুয়েল রানা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই লিড নিয়েই বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে একদম শেষ দিকে। ৮৫ মিনিটে আবদুল্লাহর গোলে ১-১ সমতায় ফেরে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে আবারও লিড এনে দেন মোজাফফরভ। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে পিডব্লিউডির কফিনে শেষ পেরেকটি ঠোকেন টুডু। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তার করা গোলে ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

সময়ের আলো/আআ
  বিষয়:   দোরিয়েলতন  গোল  ব্রাদার্স  কিংস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: