সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা ও চাকরিচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের এসআই মো. আমজাদ হোসেন তালুকদার। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন তার রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সব সহযোগী অঙ্গসংগঠনের সদস্যরা গত বছরের ১২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে রমনা থানাধীন রূপায়ণ টাওয়ারের সামনে মিছিল করে। সরকারবিরোধী বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করেছিল। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পলায়নের চেষ্টা করে। কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
এফআর