কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে শোকে কাতর হয়ে শাহীনের মা মোছা. জুবাইদা মনিও (৮০) মারা গেছেন।
রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন। তাৎক্ষণিকভাবে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর ভোরে কটিয়াদীর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে মারা যান তার মা মোছা. জুবাইদা মনি।
পরিবারের সদস্যদের জানান, প্রিয় সন্তানের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদকে ভূষিত হন। তার বাবা হাজী মো. মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তার পৈতৃক বাড়ি হলেও তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে থাকছিলেন।
মৃত শাহীনের ভাইরা (আত্মীয়) শাহ আলমের ভাষ্য, শাহীনের মা জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাহীনকে খুব ভালোবাসতেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে সে গাজীপুরে থাকলেও মাকে দেখতে প্রায়ই বাড়িতে আসতেন। ছেলের প্রতি তার গভীর টান ছিল। হয়ত সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। এমন ঘটনা সত্যিই বেদনাদায়ক।
সময়ের আলো/জোই