দেশের অন্যতম গুণী অভিনেতা তৌকীর আহমেদ বেশ লম্বা সময় পর অভিনয় করছেন টেলিফিল্মে। আর ওই টেলিফিল্মটির লিখেছেন অভিনেতা নিজেই ,আর পরিচালনা করছেন আরিফ খান। আসন্ন কোরবানী ঈদের জন্য নির্মাণাধীন ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান।
টেলিফিল্মটি নিয়ে তৌকীর আহমেদ বললেন, আমরাতো সাধারণত ঈদে একটু আনন্দ - উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সাথে টেলিফিল্মটি নির্মাণ করছেন। আমার মনে হয় অনেককিছুর ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে।
নির্মাতা আরিফ খান বললেন, তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। তিনি ছাড়াও আরো যে সকল গুণী শিল্পীরা এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
আজ থেকে শুটিং শুরু হওয়া এই টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ,আফজাল হোসেন ,ফেরদৌসী মজুমদার, দীপা আহমেদ ও জাকিয়া বারী মম সহ আরও অনেকে।
এদিকে সম্প্রতি এই গুণী অভিনেতার ষাট বছর বয়সে পদার্পন উপলক্ষে আয়োজিত হয় ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তৌকীর আহমেদ তার নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’-কে নাট্যরূপে মঞ্চে উপস্থাপনের ঘোষণা দেন ।
মানবিক আবেদন ও বাস্তবধর্মী গল্পের জন্য প্রশংসিত এই চলচ্চিত্রটি নতুন আঙ্গিকে মঞ্চে দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শক। একই সঙ্গে নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও দেন এই নন্দিত নির্মাতা, যা কিনা আসছে ডিসেম্বর মাসেই শুটিং শুরু হবার কথা রয়েছে ।
সময়ের আলো/আআ