চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি কর্মী নাছির উদ্দীনকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার একই উপজেলায় কাউসার-উর-জামান বাবলু নামে আরেক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। তিন দিনের মধ্যে দুই হত্যাকাণ্ডে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত নাছির উদ্দীন উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি এলাকার দুদু মিয়ার ছেলে। একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপি নেতা ও রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে বাড়ির পাশে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা যায়। এসময় আশপাশের লোকজন গিয়ে দেখে নাছির রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ অবস্থায় নাছির নামে একজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধ, মাটি কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার কেন্দ্র করে খুনের ঘটনা ঘটতে পারে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন,সন্ত্রাসীরা নাছিরকে গুলি করে পালিয়ে গেছে। পরে রাতে চমেকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
/কহু