নরসিংদীর মাধবদীতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার জেরে যুবকের স্বজনেরা প্রেমিকার বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে গেছে, সাজ্জাদের সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই তরুণী সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে, তার পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তরুণীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। রোববার সকালে ওই তরুণী আবার সাজ্জাদের কাছে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণীর ভাই, চাচাসহ কয়েকজন সাজ্জাদের ওপর হামলা চালায়।
এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের স্বজনেরা ওই তরুণীর বাড়ি, তার চাচা ও ফুফুর বাড়িসহ মোট চারটি ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরের লোকজন দৌড়ে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচান।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের বাধার কারণে আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। এতে চারটি ঘরের প্রায় সব মালামাল পুড়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে প্রথমে একজনকে কুপিয়ে আহত করা হয়। পরে এর প্রতিশোধ নিতে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ