চার বছর আগে খুন হওয়া কিশোর বিস্ফোরক মামলার আসামি

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ২০২২ সালের ৩ জুলাই জন্মদিনে খুন হন কিশোর সনি (১৬)। তিনি ওই সময় এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

2026-04-28T18:10:14+00:00
2026-04-28T18:17:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চার বছর আগে খুন হওয়া কিশোর বিস্ফোরক মামলার আসামি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৬:১৭ পিএম
এক মামলায় সনিকে ৩ নম্বর আসামি করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজশাহীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ২০২২ সালের ৩ জুলাই জন্মদিনে খুন হন কিশোর সনি (১৬)। তিনি ওই সময় এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু গেল ২৩ এপ্রিল রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় হওয়া এক মামলায় সনিকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

সনির বাবা রফিকুল ইসলাম পাখি রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি মহানগর শ্রমিক দলের আহ্বায়কও। তিনি ওই মামলার প্রধান আসামি। এই মামলাটি করেছেন রাজশাহী নগরীর সুলতানাবাদ এলাকার শাহজাহান আলী নামের এক ব্যক্তি। মামলায় মোট আসামি করা হয়েছে ১৫ জনকে। মামলায় সনির বয়স দেখানো হয়েছে ২৫ বছর।

মামলার এজাহারে বলা হয়েছে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য লাঠি, দেশীয় অস্ত্র ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ১, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর আসামি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও হামলা চালিয়ে এক শ্রমিককে গুরুতর আহত করেন।

তুচ্ছ ঘটনায় মারধরের জেরে ২২ এপ্রিল শ্রমিকরা পাখিকে লাঞ্ছিত করেন। সংগঠনের কার্যালয়ে তালা দিয়ে নিয়ন্ত্রণে নেন। তারা সংগঠনের নির্বাচন দাবি করছিলেন। এছাড়া নাটোরের সঙ্গে বিচারও দাবি করেছিলেন।


রফিকুল ইসলাম পাখি তার অনুসারী শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ২৩ এপ্রিল বিকেলে ইউনিয়ন কার্যালয় পুনর্দখলে যান। সেদিন শ্রমিকদের লক্ষ্য করে ৮ থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারীদের হাতে সেদিন পিস্তল ও দেশীয় অস্ত্র দেখা যায়। নগরীর শিরোইল এলাকায় এই হামলার সময় আশপাশের কয়েকটি দোকানপাটেও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ২৪ এপ্রিল উভয়পক্ষই বোয়ালিয়া থানায় পাল্টাপাল্টি মামলা করেন। শ্রমিক নেতা পাখি গ্রুপের হয়ে মামলা করেন আবুল কাশেম টুলু নামের এক ব্যক্তি। আর পাখি গ্রুপের বিরুদ্ধে মামলা করেন শাজাহান আলী নামের এক ব্যক্তি।

এই মামলার বাদি শাহজাহানের মোবাইলফোন সোমবার বিকেল থেকেই বন্ধ। বন্ধ আছে শ্রমিক নেতা পাখির নম্বরও। তবে তিনি এখন পলাতক আছেন। তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার মুঠোফোন নম্বরও বন্ধ আছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুই মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

মৃত কিশোরকে আসামির বিষয়ে তিনি বলেন, আমরা তো স্থানীয় না। নিয়মিত বদলির মধ্যে থাকি। সব ঘটনাও জানি না। তাই তারা আসামি করেছেন, আমরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পারিনি। পরে জানতে পারি যে মামলার ৩ নম্বর আসামি মৃত। আমরা প্রতিবেদন দিলে আদালত থেকে সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের দ্বন্দ্বে সনিকে ওইদিন রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে যায় প্রতিপক্ষরা। এরপর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় কুপিয়ে হত্যা করে তাকে ড্রেনে ফেলা রাখা হয়। এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা।

সনিকে হত্যার দায়ে ২০২৪ সালের ১২ মার্চ দুজন তরুণ ও তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

সময়ের আলো/জোই


  বিষয়:   খুন  কিশোর  বিস্ফোরক মামলা  আসামি  রাজশাহী  আধিপত্য বিস্তার  কিশোর  সনি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: