চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- খাগড়াছড়ির মাটিরাঙ্গার বৌদ্ধ ভিক্ষু আগার দায়মা (২৫), সাচিং মারমা (২৪) এবং অপর জন গাড়িচালক বলে জানা গেলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন- ইন্দ্রাসারা ভিক্ষু (৪৮), নিয়া থিয়া (২৫), আম্রা মারমা (২৮), চায়না প্রু মারমা (৩২) ও চাথুয়া প্রু মারমা (৩৪)। তারা সবাই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে যায় একটি ভিক্ষুর দল। ভ্রমণ শেষে তাদের বহনকারী গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/কেএইচও