পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যালয়ে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপম রায় (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
মৃত অনুপম রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুপম প্রতিদিনের মতো আজও বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসে। স্কুল প্রাঙ্গণে পৌঁছে সাইকেল থেকে নামার পরপরই সে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আকস্মিক শারীরিক জটিলতাজনিত মৃত্যু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ শোকাহত কণ্ঠে সাংবাদিকদের বলেন, সকালে স্কুলে এসে সাইকেল থেকে নামার মুহূর্তেই ঘটনাটি ঘটে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাকে ফেরানো সম্ভব হয়নি। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এদিকে, খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
সময়ের আলো/জোই