গাইবান্ধার সুন্দরগঞ্জে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ঘাস বিক্রেতা।
জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) জোহরের নামাজের সময় শিশুটির পরিবারের সদস্যরা ইবাদতে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
ঠিক সেই মুহূর্তে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করলে সাইফুল তাকে ছেড়ে দেয়। ঘটনা গোপন রাখার জন্য শিশুটির হাতে পুনরায় কলা দিয়ে প্রলোভন দেখায় সে। তবে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে বিস্তারিত প্রকাশ করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনায় গত মঙ্গলবার রাতেই শিশুটির মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ওসি আমানুল্লাহ্ জানান, আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই