স্বস্তি ফিরেছে বিদ্যুতে, পাম্পে ভিড় উধাও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রায় দুই মাস পর স্বস্তি ফিরেছে বিদ্যুৎ খাতে। রাজধানীসহ দেশের পাম্পগুলো থেকেও উধাও হয়েছে ভিড়। এখন আর পাম্পগুলোতে তেলের জন্য

2026-04-30T02:24:25+00:00
2026-04-30T02:24:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বস্তি ফিরেছে বিদ্যুতে, পাম্পে ভিড় উধাও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২৪ এএম 
তেলের পাম্পে এখন আর ভিড় নেই। ছবি : সংগৃহীত
প্রায় দুই মাস পর স্বস্তি ফিরেছে বিদ্যুৎ খাতে। রাজধানীসহ দেশের পাম্পগুলো থেকেও উধাও হয়েছে ভিড়। এখন আর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা লাইন ধরতে হচ্ছে না গ্রাহককে। অন্যদিকে গত কয়েক দিন ধরে বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় সারা দেশে অসহনীয় লোডশেডিং থেকে মুক্তি পেয়েছে জনগণ।

তবে এখনও অস্বস্তি রয়ে গেছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি ও পাইপলাইনের গ্যাসে। গত ডিসেম্বর মাস থেকেই এলপি গ্যাসে অরাজকতা চলছে। একসময় দ্বিগুণ দামে বিক্রি হলেও এখন ২০০ থেকে ৪০০ টাকা বাড়তি গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। আতঙ্কিত হয়ে লোকজন বেশি তেল কেনা শুরু করলে গত ৬ মার্চ তেল সরবরাহে রেশনিং শুরু করে জ্বালানি বিভাগ। এতে পাম্পে যানবাহনের সারি লম্বা হতে থাকে। ১৫ মার্চ রেশনিং তুলে নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি না হয়ে আরও অবনতি হয়। 

তেল পেতে পাম্পের সামনে রাতযাপনসহ অনেক ঘটনা ঘটতে থাকে। সরকার বাধ্য হয়ে ট্যাগ অফিসার নিয়োগসহ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করে। তারপরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়- পর্যাপ্ত মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহও করা হয় কিন্তু কোনো কিছুতেই লাইন থামছিল না। অবশেষে চলতি সপ্তাহ থেকে লাইন কমতে শুরু করেছে।

বুধবার রাজধানীর মেঘনা মডেল পাম্পসহ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে- আগে তেল পেতে ৬ থেকে ১০ ঘণ্টা লাগলেও অনেক স্টেশনে দীর্ঘ সময় কোনো গাড়ি না আসায় কর্মীরা জিরিয়ে নিচ্ছেন। কয়েক মিনিটের মধ্যে তেল নিতে দেখা যায় প্রাইভেটকার ও বাইকচালকদের।

ফিলিং স্টেশনগুলোর সংশ্লিষ্ট কর্মীরা জানান, ডিপো থেকে এখন পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি তেলের দাম বাড়ায় গ্রাহকরা এখন আর বাড়তি তেল কিনে বাসায় মজুদ করছেন না। গত কয়েক দিন ধরে গ্রাহকরা চাহিদামতো জ্বালানি নিতে পারছেন। ফলে অধিকাংশ যানবাহনেই এখন পর্যাপ্ত তেল রয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, স্বাভাবিক সময়ের তুলনায় এখন ফিলিং স্টেশনগুলো বেশি ফাঁকা থাকছে।

অন্যদিকে তেল নিয়ে দুর্ভোগের মধ্যেই কয়েক দিন ধরে শুরু হয়েছিল বিদ্যুৎবিভ্রাট। তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংয়ের মাত্রাও বেড়ে যায়। কোনো কোনো এলাকা থেকে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের খবর আসতে থাকে। সরকারি হিসাবেই ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিংয়ের কথা স্বীকার করা হয়। তবে কয়েক দিনের বৃষ্টিতে সেখানেও পুরোপুরি স্বস্তি নেমেছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।

অন্যদিকে গত মঙ্গলবার সারা দেশে কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার সকালের দিকে মাত্র ৪৮ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। এদিন রাত ১টায় সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৫৫৫ মেগাওয়াট। এর আগে কয়েক দিন সেই চাহিদা উঠেছিল ১৬ হাজার মেগাওয়াটের ওপরে। এখন চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি শেষে তাপমাত্রা বেড়ে গেলে সামাল দেওয়া যাবে কি না।

বিপিডিবি দাবি করেছে, ইতিমধ্যেই অনেক জায়গায় বোরো ধান কর্তন শুরু হয়েছে। বৃষ্টি হওয়ায় দেরিতে রোপণ করা বোরোতেও আর সেচের প্রয়োজন হবে না। সেদিক থেকে চাহিদা কিছুটা কমে আসবে। যে কারণে আগামী সপ্তাহে লোডশেডিং কমে আসবে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। লোডশেডিং হলেও আগের মতো আর অসহনীয় হবে না।

এ ছাড়া এপ্রিল মাসে নজিরবিহীনভাবে দুদফায় ৫৯৯ টাকা দাম বাড়িয়ে ১২ কেজি এলপিজি ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে অনেকেই। 

গ্রাহকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের শেষ দিকে ডিসেম্বর থেকে এই অরাজকতা চলছে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে নতুন সরকারও শুধু ব্যবসায়ীদের চাওয়া পূরণ করে যাচ্ছে। বলা যায়- তারা যা চেয়েছে সবটাই দিয়ে দেওয়া হয়েছে। তারপরও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এলপিজির বাজারদর।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্বস্তি  বিদ্যুৎ  পাম্প  ভিড়  উধাও 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: