‘নাচো বাংলাদেশ নাচো’র প্রথম রানারআপের মাধ্যমে শোবিজে আগমন মিম চৌধুরীর। বড়পর্দায় ‘ভালোবাসা এক্সপ্রেস’ সিনেমায় নায়িকা হওয়ার মাধ্যমে তার অভিনয় শুরু। এরপর সিনেমা না করলেও বহু নাটকে অভিনয় করে এরই মধ্যে দর্শকের মন জয় করেছেন এ সুন্দরী। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নৃত্য ও উপস্থাপনাও করছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন সময়ের আলোর সঙ্গে।
সম্প্রতি কী কাজ করেছেন?
সম্প্রতি পারিবারিক গল্পের ‘ভাগ্যের খেলা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। প্রচারে আসার আগ পর্যন্ত নাটকের নাম ঠিক থাকে না বলেই সব নাম বলা যাচ্ছে না। তবে নাটকগুলো পরিচালনা করছেন ফজলুল হক সেলিম, বর্ণ নাথ ও সোহেল নামে এক নতুন নির্মাতা।
এই সময়ে পারিবারিক গল্প কি দর্শক দেখছেন?
একসময় পারিবারিক গল্পের প্রচুর নাটক হতো। দর্শক সেসব নাটকের বিভিন্ন চরিত্রে নিজেকে খুঁজে পেতেন। সময়ের পরিবর্তনের রোমান্টিক-কমেডি, এরপর থ্রিলার গল্পের প্রতি দর্শকদের আগ্রহ তৈরি হয়। এসবের ভিড়ে বর্তমানে ধীরে ধীরে পারিবারিক গল্প গ্রহযোগ্যতা পাচ্ছে। এ ধরনের গল্পগুলো আমাদের জীবনের কথা বলেই সব শ্রেণির দর্শক দেখছেন। পারিবারিক গল্পের গ্রহযোগ্যতা প্রমাণ করছে আসলে শেকড়কে ভোলা যায় না। পারিবারিক গল্প শেকড়ের কথা বলে।
আপনাকে ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না কেন?
সেখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, বাজেটও বেশি থাকছে, কাজগুলো আমিও এনজয় করি, আমার এখনও সৌভাগ্য হয়নি এই প্ল্যাটফর্মে কাজ করার। আমি চাই কাজ করতে। আপনারা জানেন, পড়াশোনা ও করোনার কারণে আমি দীর্ঘদিন কাজ থেকে দূরে ছিলাম। যেহেতু অভিনয়ে একটা গ্যাপ পড়ে গেছে, তাই আবার নিজেকে তৈরি করছি, অভিনয়ের চর্চা এখন করছি, যখন মনে হবে, এখন ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমায় কাজ করতে পারব, তখন থেকে এই মাধ্যমগুলোতে কাজ করব।
সিনেমায় কবে ফিরছেন?
প্রতিটি শিল্পীর মতো আমিও সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখি। যদিও মাত্র ১৫ বছর বয়সে সাফি উদ্দিন সাফির পরিচালনায় শাকিব খানের সঙ্গে ভালোবাসা এক্সপ্রেস সিনেমায় কাজ করেছিলাম। তবে বয়স কম থাকায় এরপর আর কাজ করা হয়নি। মনে হয়েছে সিনেমার জন্য নিজেকে পরিণত করা দরকার। এখন যেহেতু গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, নিয়মিত নাটকে অভিনয় করছি তাই সিনেমায় কাজ করতেও আগ্রহী। ভালো কাজের প্রস্তাব পেলে অবশ্যই সিনেমায় আবার দেখা যাবে।
নাচ দিয়ে ক্যারিয়ার শুরু, করেছেন উপস্থাপনা- এই দুটি শাখার কী অবস্থা?
নাচ কখনো ছাড়ব না। কারণ, এই নাচ দিয়েই আমার এখানে আসা। নাচ চলছে, এখনও নাচের অনুষ্ঠানে অংশ নিই। উপস্থাপনাও নিয়মিত করছি। গ্লোবাল টেলিভিশন ও বাংলাভিশনে দুটি মিউজিক্যাল অনুষ্ঠানের উপস্থাপনা করছি।
সময়ের আলো/আআ