ঝুঁকিপূর্ণ ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম, ধসের শঙ্কা

মোফাজ্জেল হোসাইন, বরিশাল

সারাদেশ

১৯৮৫ সালে নির্মিত একটি সাধারণ পৌর ভবন এখন বরিশাল সিটি কর্পোরেশনের ‘নগর ভবন’। কিন্তু বয়সের ভারে এবং অযাচিত সম্প্রসারণের চাপে

2026-04-30T17:51:51+00:00
2026-04-30T18:19:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝুঁকিপূর্ণ ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম, ধসের শঙ্কা
মোফাজ্জেল হোসাইন, বরিশাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৬:১৯ পিএম
বরিশাল সিটি কর্পোরেশন। ছবি : সময়ের আলো
১৯৮৫ সালে নির্মিত একটি সাধারণ পৌর ভবন এখন বরিশাল সিটি কর্পোরেশনের ‘নগর ভবন’। কিন্তু বয়সের ভারে এবং অযাচিত সম্প্রসারণের চাপে ভবনটি এখন নিজেই ‘অসুস্থ’। দেয়ালের ফাটল আর ছাদ থেকে খসে পড়া পলেস্তারা যেন প্রতিনিয়ত বড় কোনো দুর্ঘটনার আগাম বার্তা দিচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা, আর আতঙ্ক নিয়ে সেবা নিচ্ছেন নগরবাসী।

অনুসন্ধানে জানা যায়, বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ রোডে ৪৬ শতাংশ জমির ওপর ৮০-র দশকের মাঝামাঝি সময়ে ৩৫ কক্ষবিশিষ্ট দোতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ১৯৯০ সালে উদ্বোধনের পর ২০০২ সালে এটি সিটি করপোরেশনে উন্নীত হয়। এরপর প্রয়োজনীয় জনবল ও সেবা বাড়লেও বাড়েনি নতুন ভবন। বরং নকশার তোয়াক্কা না করেই দোতলা ভবনটিকে তিন তলায় রূপান্তর করা হয়। বর্তমানে নকশা বহির্ভূতভাবে এই ভবনের কক্ষ সংখ্যা দাঁড়িয়েছে ৭০টিতে।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিম ও প্রধান কলামগুলোতে ফাটল দেখা দিয়েছে। সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান জানান, ভবনটির ধারণ ক্ষমতা ছিল মাত্র দোতলা পর্যন্ত। তিন তলা করার মাধ্যমে এটিকে ‘ওভারলোড’ করা হয়েছে। ভূমিকম্পের জন্য এটি চরম ঝুঁকিপূর্ণ। এখানে এক মুহূর্ত অবস্থান করাও বিপজ্জনক।

নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাসার জানান, এই জরাজীর্ণ ভবনের কোনো কাঠামোগত নকশা খুঁজে পাওয়া যায়নি। মেইন কলামের ফাটলগুলো অত্যন্ত উদ্বেগের। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে।


সাড়ে ৪০০ জনবলের জন্য নির্মিত এই ভবনে এখন প্রায় ১৬০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ এখানে যাতায়াত করেন। গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ভবনটি আগুনে পুড়ে গেলে সেখানকার চারটি বিভাগের জনবলকেও এই প্রধান ভবনে সরিয়ে আনা হয়। ফলে ভবনের ওপর বাড়তি চাপের পাশাপাশি এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সেবাগ্রহীতাদের আতঙ্ক

ভবনে আসা ঠিকাদার ও সাধারণ নাগরিকরা জানান, দ্বিতীয় তলায় উঠতে গেলেই তারা দুশ্চিন্তায় পড়েন। সেবা প্রত্যাশী লিটন আঁকন বলেন, কাজের প্রয়োজনে এখানে আসতে হয়, কিন্তু ভবনের ফাটল দেখে সবসময় ভয়ে থাকতে হয়। এটি দ্রুত সংস্কার বা পরিবর্তন করা জরুরি।

বর্তমানে ৫৮ বর্গ কিলোমিটার এলাকার ৩০টি ওয়ার্ডের প্রায় ৫ লাখ মানুষের সেবা দিচ্ছে এই কর্পোরেশন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রায় ৬ একর জমির ওপর নতুন ‘নগর ভবন’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, এই ভবনে প্রত্যেকের জীবনই এখন ঝুঁকিপূর্ণ। আমরা নথুল্লাবাদে ১৫ তলা বিশিষ্ট একটি নতুন নগর ভবনের পরিকল্পনা ও নকশা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রস্তাবটি বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই এটি পাস হবে এবং এই সংকটের স্থায়ী সমাধান হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝুঁকিপূর্ণ ভবন  বরিশাল সিটি কর্পোরেশন  ধসের আশঙ্কা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: