মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৪টা ২০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন তিনি।
সরেজমিনে দেখা গেছে, শ্রমিক সমাবেশ উপলক্ষ্যে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। কর্মজীবী নারীরাও পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এই আয়োজনে যোগ দিয়েছেন।
পাশাপাশি এই আয়োজনে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং দলটির জ্যেষ্ঠ নেতা আমান উল্লাহ আমান, প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও সালাহউদ্দিন টুকুসহ অনেকেই উপস্থিত হয়েছেন।
উত্তরখান থানা শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী বলেন, দেশে সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। একমাত্র বিএনপি সরকারই শ্রমিকদের নিয়ে ভাবে। এ কারণেই আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আজ নিজেই এই সমাবেশে এসেছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।
আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
/ইউএমএইচ