নওগাঁর মহাদেবপুরে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় বাজার রোডের সিসি ঢালাই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিডিউল অনুযায়ী রাস্তার প্রস্থ ও পুরুত্ব (থিকনেস) বজায় না রেখে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করার অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাদেবপুর বাজারের ‘তরকারি বাজার মোড়’ থেকে ‘গোশত হাটির মোড়’ পর্যন্ত ৭৩ মিটার দীর্ঘ রাস্তাটির ঢালাই কাজ সম্পন্ন করা হয়। প্রকল্পের অনুযায়ী, রাস্তাটি ১০ ফুট প্রস্থ এবং ৬ ইঞ্চি পুরু হওয়ার কথা ছিল।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজটিতে চরম কারচুপি করা হয়েছে। সরেজমিনে অনেক জায়গায় রাস্তার প্রস্থ ৮ থেকে ৯ ফুট এবং পুরুত্ব মাত্র সাড়ে ৪ থেকে ৫ ইঞ্চি পাওয়া গেছে। এছাড়া নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেন।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. রাজিব হোসেন কাজের কোনো সুনির্দিষ্ট তথ্য না দিয়ে বলেন, আগামী রোববার অফিসে যোগাযোগ করলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় ৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে ৭৩ মিটার রাস্তার কাজ নিয়ম মেনেই করা হয়েছে। ১০ ফুট প্রস্থ ও ৬ ইঞ্চি থিকনেসসহ উন্নত মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারের বরাদ্দকৃত বিপুল অর্থ ব্যয় করে রাস্তা নির্মাণ করা হলেও সঠিক তদারকির অভাবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে টেকসই কাজ হচ্ছে না। দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সময়ের আলো/জোই