সিলেটে বাঁশিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি এ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন।
এর আগে তারেক রহমান বলেন, ‘আমরা সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা করেছি। এই এক লাখ স্বাস্থ্য কর্মীর মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী।’
তিনি বলেন, ‘এই স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া, শহরেও তারা থাকবে। তবে আমরা গ্রামের মানুষের উপর জোর বেশি দেব।
তিনি আরও বলেন, বৃষ্টিতে জলাবদ্ধতা রোধে ও শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
এদিকে, ভৌগলিক কারণে টিলা ও নদীবেষ্টিত সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ১৩টি প্রাকৃতিক ছড়া সরাসরি সুরমা নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে এসব ছড়া দিয়ে নদীর পানি উল্টো নগরীতে প্রবেশ করে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে। ২০২২ থেকে ২০২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।
প্রকল্পের আওতায় নগরীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কাজীরবাজারের বৈঠাখাল, ছড়ারপাড়ের গোয়ালীছড়া এবং বোরহানউদ্দিন এলাকার হলদিছড়ায় আধুনিক স্লুইস গেট ও উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হবে। এতে নদীর পানি নগরীতে প্রবেশ রোধের পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে।
/কেএইচও