ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গফরগাঁও রেলস্টেশনে আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃষ্টির মধ্যে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর রিলিফ ইঞ্জিনে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
শনিবার (২ মে) সকাল ৮টা ৫০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক, গার্ড ও রেলওয়ের কারিগরি দল দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি সারাতে ব্যর্থ হন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে আটকে থাকা নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
এ সময় গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হানিফ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন চালু হচ্ছিল না। ময়মনসিংহে খবর দেওয়া হলে সেখান থেকে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ইঞ্জিন পৌঁছানোর পর বেলা ১২টা ০৪ মিনিটে ট্রেনটি ঢাকা কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের কারণে স্টেশনের একটি লাইন সাময়িকভাবে ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। অন্য কোনো ট্রেনের শিডিউলে বিঘ্ন ঘটেনি।
যাত্রীরা অভিযোগ করেন, অফিসগামী যাত্রীর চাপ থাকায় কমিউটার ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। তিন ঘণ্টা বিলম্ব হওয়ায় অনেকেই গুরুত্বপূর্ণ কাজে সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেননি। কেউ কেউ বিকল্প হিসেবে বাসে রওনা দেন।
রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিনটি ময়মনসিংহ লোকোশেডে নেওয়া হয়েছে। কী কারণে ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
সময়ের আলো/এসএকে