পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন শিক্ষক

পাকুন্দিয়া কিশোরগঞ্জ

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থেকেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে

2026-05-02T17:28:08+00:00
2026-05-02T17:28:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন শিক্ষক
পাকুন্দিয়া কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:২৮ পিএম 
শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থেকেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে ৫ দিনের ছুটি নেন বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম। তবে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও তিনি একাডেমিক কার্যক্রমে যোগ দেননি। তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, গুরুত্বপূর্ণ এ বিষয়ে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে।

সরেজমিনে জানা যায়, শিক্ষক আবুল কালাম স্ত্রীর চিকিৎসার অজুহাতে ভারতে অবস্থান করলেও তার স্ত্রী-সন্তান নিজ বাড়িতেই রয়েছেন। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল গানের সঙ্গে অশালীন অঙ্গভঙ্গিতে নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমালোচিত হন তিনি। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি অর্থনৈতিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে তিনি আত্মগোপনে ভারতে চলে যান এবং এরপর আর বিদ্যালয়ে ফেরেননি।

এদিকে, তিনি অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে বেতন উত্তোলনে সহযোগিতা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন এমন অভিযোগও উঠেছে। পাশাপাশি সহকারী শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়নি বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জালাল উদ্দীন বলেন, স্ত্রীর অসুস্থতার কারণে ৫ দিনের ছুটি নিয়ে চিকিৎসার জন্য ভারতে গেছেন। আগামী ২৮ তারিখ দেশে ফেরার কথা রয়েছে। তবে নিয়মিত বেতন উত্তোলনের বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা বলেন, পাঁচ দিনের ছুটি নিয়ে প্রায় পাঁচ মাস অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনের সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রুপম দাস বলেন, শিক্ষক আবুল কালামের অনুপস্থিতি ও বেতন উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়  বেতন-ভাতা  শিক্ষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: