লিগে আর্থিক অনিশ্চয়তা কাটবে তো?

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশের ক্রিকেটে দীর্ঘদিনের পুরোনো সমস্যা- ক্রিকেটারদের আর্থিক অনিশ্চয়তা। তবে এ নিয়ে এবার সরাসরি কাজ শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)

2026-05-03T04:31:45+00:00
2026-05-03T04:31:45+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
খেলা
লিগে আর্থিক অনিশ্চয়তা কাটবে তো?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৩১ এএম 
ছবি : সংগৃহীত
দেশের ক্রিকেটে দীর্ঘদিনের পুরোনো সমস্যা- ক্রিকেটারদের আর্থিক অনিশ্চয়তা। তবে এ নিয়ে এবার সরাসরি কাজ শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল নিজেই। চেয়ারে বসার পর থেকে একের পর এক কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন সাবেক এই অধিনায়ক। 

নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানোর পর এবার তার নজর পড়েছে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী লিগ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দিকে, যেখানে বছরের পর বছর ধরে আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন ক্রিকেটাররা।

আগামীকাল থেকে একযোগে ছয় ভেন্যুতে শুরু হচ্ছে ১২ দলের এবারের ডিপিএল, যা অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। তবে মাঠের লড়াইয়ের বাইরে এবার বড় আলোচনার জায়গা হয়ে উঠেছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা। অতীতে ক্লাবগুলোর অনীহায় লিগ আয়োজনই অনিশ্চয়তায় পড়েছিল। কিন্তু তামিম দায়িত্ব নেওয়ার পর ক্লাবগুলো নতুন করে অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে। 

এ প্রেক্ষাপটে ক্রিকেটারদের পাওনা নিশ্চিত করতে নতুন একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছেন তামিম। যেখানে বিসিবি, ক্লাব এবং ক্রিকেটার- তিন পক্ষই থাকবে একই কাঠামোর মধ্যে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সাধারণত ক্রিকেট বোর্ড প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের আর্থিক বিষয়ের দায়িত্ব নেয় না, কারণ চুক্তি হয় সরাসরি ক্লাব ও ক্রিকেটারদের মধ্যে। তবে এবার আমরা চাই ক্লাবগুলো যেন সঠিকভাবে চুক্তি করে এবং ক্রিকেটারদের প্রাপ্য অর্থ নিশ্চিত করে।’

বর্তমান বাস্তবতায় ক্লাব ক্রিকেটের আর্থিক অবস্থা আগের মতো শক্তিশালী নয় বলেও উল্লেখ করেন তিনি। ক্রিকেটাররাও আগের মতো পারিশ্রমিক পাচ্ছে না যোগ করেন তামিম। ডিপিএলে দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা হয়ে আছে চুক্তির টাকা না পাওয়া বা বিলম্বে পাওয়া। অনেক ক্ষেত্রে ক্লাব থেকে দেওয়া চেক ব্যাংকে জমা দিতে গিয়ে বাউন্স হওয়ার ঘটনাও ঘটছে। ফলে ক্রিকেটারদের বাধ্য হয়ে বিসিবির দ্বারস্থ হতে হচ্ছে। 

এই পরিস্থিতি বদলাতেই কার্যকর উদ্যোগ নিতে চাইছেন তামিম। এ বিষয়ে তার বক্তব্য, ‘বিসিবি যেহেতু ক্লাবগুলোকে অর্থ দিচ্ছে, আমরা চাই একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক বিষয়টি নিশ্চিত করতে। তবে এটিও মাথায় রাখতে হবে, এই সমস্যা ৩৭ বছর ধরে চলে আসছে। এক দিনে সবকিছু বদলানো সম্ভব নয়, কিন্তু আমরা সত্যিকারের সমাধান চাই।’

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাওয়া এবারের ডিপিএল তাই শুধু মাঠের প্রতিযোগিতাই নয়, প্রশাসনিক পরিবর্তনের পরীক্ষাগারও হতে যাচ্ছে। তামিমের উদ্যোগের বাস্তবরূপ দেখতে চান ক্রিকেটপ্রেমীরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   লিগ  আর্থিক  অনিশ্চয়তা  কাটবে  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: