একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন সম্পন্ন করেছে বাংলাদেশ

2026-05-03T10:27:36+00:00
2026-05-03T10:27:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:২৭ এএম 
ফাইল ছবি
সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

শনিবার (২ মে) রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়সহ মোট ২৯টি গুরুত্বপূর্ণ ইউনিটের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশাল সাংগঠনিক রদবদল ও নতুন নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ছাত্রদলের অবস্থান শক্ত করতেই এই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঘোষিত এই ২৯টি কমিটির মধ্যে বেশ কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, আবার পরিস্থিতি বিবেচনায় কোনো কোনো ইউনিটে আংশিক ও বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। 

এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি। পেশাজীবী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজেও আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।

মহানগর ও জেলা পর্যায়ের ছাত্র রাজনীতিতেও এই ঘোষণার মাধ্যমে বড় ধরনের পরিবর্তনের ছাপ পরিলক্ষিত হচ্ছে। মোট ৯টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগরেও দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। কুমিল্লার ক্ষেত্রে অনুমোদন করা হয়েছে আংশিক পূর্ণাঙ্গ কমিটি। 

এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিগুলোকেও পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। মূলত আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতেই মাঠ পর্যায়ের এই কমিটিগুলোকে ঢেলে সাজানো হয়েছে।

কলেজ পর্যায়ের ছাত্র রাজনীতিতে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ কলেজের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। রাজধানীর অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি। 

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনটি আরও জোরালো ভূমিকা পালন করতে সক্ষম হবে। নতুন কমিটির সদস্যদের অবিলম্বে নিজ নিজ ইউনিটের কার্যক্রম গুছিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


  বিষয়:   একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: