গ্রাহকরা জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা মূলধন ফেরত, মুনাফা দেওয়া, টাকা উত্তোলনের সীমাবদ্ধতা প্রত্যাহারের দাবিতে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি শুরু করেছে। মিছিল স্লোগানের পর বিক্ষুব্ধ গ্রাহকরা একে একে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পাঁচ শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল থেকে গ্রাহকরা আগ্রাবাদ বাদামতলী মোড়ে জড়ো হওয়া শুরু করেন। প্রথমে এক্সিম ব্যাংকের শেখ মুজিব রোড শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর অন্য ব্যাংকগুলোর শাখায়ও তালা ঝোলানো হয়।
সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. আজম উদ্দীন বলেন, আমানত ফেরত চাইলে নানা টালবাহানা করে ব্যাংক কর্তৃপক্ষ। আমানত তো দেয় না দিনক্ষণ জানতে চাইলেও অপারগতা প্রকাশ করা হয়। আমানত না দিয়ে হেয়ার কাট বা অর্থ কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় আন্দোলন করা ছাড়া বিকল্প নেই।
ব্যাংক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের আমলে পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। এগুলো হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। কিন্তু একীভূত হলেও আমানত ফেরত দেওয়া নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়নি। প্রতিদিন গ্রাহকরা যান ব্যাংকে। তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে আগ্রাবাদ এলাকায় আমানতকারীরা শাখার বাইরে অবস্থান করে স্লোগান দেওয়ার সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তবে শাখায় তালা ঝোলানো ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘেরাওয়ের সময় ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম সাংবাদিকদের বলেন, আমরা গ্রাহকদের চলমান সমস্যা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু গ্রাহকরা একসঙ্গে টাকা তুলতে এলে টাকা দেওয়া তো সম্ভব না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যাংকের স্বাভাবিক লেনদেন চলছে।
আমানতকারীরা জানান, আমরা জমা টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছি। ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ব্যাংক শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। সংকটের সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত রোববার সকালে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় একীভূত ব্যাংকের সব শাখায় তালা ঝুলিয়ে দেন বিপুলসংখ্যক গ্রাহক। তারা আমানত ফেরত পেতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ব্যাংক শাখা অফিসের ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা কিছু সময়ের জন্য আটকা পড়েন। সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রাহকরা তালা ঝুলিয়ে রাখেন ব্যাংক শাখায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।