প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কয়েকদিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়াঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেবে সরকার।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘হাওড়ে আমাদের কৃষকরা হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭ হাজার ৫০০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে।’
তিনি বলেন, ‘টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে বিক্রির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে; সেজন্য ১৮১ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হচ্ছে। এছাড়া সরকার স্থানীয়ভাবে ২ হাজার মেট্রিক টন ডাল কেনার পদক্ষেপ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সরকারের আর্থিকভাবে যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল, সে তুলনায় কিছুটা কম হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক অগ্রগতির চাইতে অনেক বেশি হয়েছে।’
/কেএইচও