নড়াইল জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে মোটরসাইকেল চুরির ঘটনা। প্রায় প্রতিদিন জেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চোরচক্র। চুরি যাওয়া বাইক উদ্ধার বা চোর শনাক্তে পুলিশের দৃশ্যমান কোনো সাফল্য না থাকায় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, শহরের রূপগঞ্জ, দুর্গাপুর, আদালতপুর, ভওয়াখালী ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখন চোরদের প্রধান টার্গেট। এমনকি চুরির ভিডিও ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করার পরেও কোনো কার্যকর অগ্রগতি মিলছে না। পুলিশি ঝামেলা ও হয়রানির ভয়ে অনেক ভুক্তভোগী এখন থানায় অভিযোগ বা জিডি পর্যন্ত করতে চাচ্ছেন না। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।
সর্বশেষ গত ১ মে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাদশা মোল্লার একটি ১৫০ সিসি’র ইয়ামাহা মোটরসাইকেল (নড়াইল-ল-১১-৭৭১৯) নিজ এলাকা থেকে চুরি হয়।
এই চুরির ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/ইউএমএইচ