অভিনয়ে নাম লেখালেন কণ্ঠশিল্পী দোলা রহমান। শেষ হতে যাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করেছেন তিনি। নাটকের শেষ পর্বে নিজের ভূমিকাতেই দেখা যাবে দোলাকে। আরফিন রুমির সঙ্গে সিরিজটির টাইটেল গানও করেছেন তিনি। নাটকে দুজনই অভিনয় করেছেন। টাইটেল গানের সূত্র ধরেই রুমি ও দোলাকে পর্দায় হাজির করেছেন নির্মাতা রাজ। ধারণা করা হচ্ছে, কোনো একটি দৃশ্যে টাইটেল গানটি গাইবেন দুই শিল্পী।
অভিনয় প্রসঙ্গে দোলা বলেন, এই সিরিজে আমার ও রুমির অভিনয়ের পরিকল্পনাটা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের। তার অনুরোধেই সিরিজে থাকছি আমরা। তবে আলাদা কোনো চরিত্রে নয়, আমাদের শিল্পী পরিচয়েই দর্শক দেখতে পাবেন। এর আগে কখনো অভিনয় করা না হলেও এবারই প্রথম। খুব সুন্দর একটি অভিজ্ঞতা। কাজটি করে অনেক ভালো লাগছে। এমন একটি টিমের সঙ্গে টাইটেল গানের মাধ্যমে যুক্ত ছিলাম, সর্বশেষ অভিনয় করা হলো। এ জন্য পরিচালক রাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।
পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধনের সঙ্গে দর্শকরা নিজেদের খুঁজে পেয়েছেন।
গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব। ৫২ পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। দেড় ঘণ্টাব্যাপী এই পর্বটি প্রচার হবে আগামী ৮ মে বেলা ৩টায়।
‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির।
উল্লেখ্য, কণ্ঠশিল্পী দোলা গানে ব্যস্ত সময় পার করছেন। স্টেজ শোর পাশাপাশি নাটক ও সিনেমায় গান করছেন। সর্বশেষ ‘রাক্ষস’ সিনেমায় ‘বিলেত রাজা’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি।