যশোর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা করা হয়।
আটককৃতরা হলেন- রনি (৩৬), আব্দুল গনি (৫৪) ও ইসরাইল (৪৬)। তাদের বাড়ি যশোরের শার্শা, চৌগাছা ও কোতোয়ালী এলাকায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেড রেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ব্যবহৃত প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খাঁন এ কথা জানান।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
/মহু