চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএসটিআই অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত করার অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার প্লান্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৭ মে) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়াস্থ দারুল উলুম মোহাম্মাদিয়া নুরানি মাদ্রাসার তিনটি কক্ষে পরিচালিত ‘লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার’ নামের একটি ওয়াটার প্লান্টে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণও বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির সেলসম্যান মো. রিদুয়ানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।
গোপন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, হোটেল ও রেস্টুরেন্টে এসব অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত পানি জারে করে সরবরাহ করে আসছিল।
অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
সময়ের আলো/জোই