প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম
অবৈধ সংযোগের ৫০০ মিটার পাইপলাইন অপসারণ করা হয়। ছবি : সময়ের আলোব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগের ১৮টি রাইজার উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগের মোট ৫০০ মিটার পাইপলাইন অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় এক গ্রাহককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলমপাড়া এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধভাবে স্থাপন করা ১৮টি গ্যাস রাইজার উচ্ছেদ করা হয়। এ সময় দুইজন গ্রাহক নিজ উদ্যোগে অবৈধ সংযোগের দুটি রেগুলেটর খুলে ফেলেন। এ ছাড়া ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের ২০০ মিটারসহ মোট ৫০০ মিটার অবৈধ গ্যাস সংযোগের পাইপলাইন অপসারণ করা হয়।
বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল হক জানান, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলমপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগের ১৮টি রাইজার বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় এক গ্রাহককে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সময়ের আলো/এনএন