প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ৭:০৪ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৬ মিনিট পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২৫ হাজার ২৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯ হাজার ৫০৯ ভোট।
প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক ১৫ হাজার ৭৩৫ ভোটে এগিয়ে রয়েছে। তবে বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ আসনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।
সময়ের আলো/এমকে