প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম
সদরঘাট থানা। ছবি : সংগৃহীতচট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে আওয়ামী লীগের সাবেক নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। স্বামী মৃত আবুল কালাম। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, আগে থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন নুর নাহার। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। তার অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার। পুলিশ মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহার করা মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া পায়নি।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বুধবার সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তারা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানার ওপর নুর নাহারকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়। ঘটনার তদন্ত অব্যাহত আছে।
পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, নুর নাহার বেগম ক্যান্সার ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে মৃত্যুর খবর এলো।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
সময়ের আলো/এনএন