খুলনা মহানগরীর আমির ও ঐক্যজোট নেতা মাহফুজুর রহমান প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ছবি : সময়ের আলোআগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৭ দফা দাবিতে এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে গঠন করা হয়েছে ১৭টি উপ-কমিটি। এসব কমিটি অর্পিত দায়িত্ব পালনে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। লংমার্চের অংশ হিসেবে খুলনায় দুটি বৃহৎ পথসভাসহ পুরো পথজুড়ে থাকবে মোট ২টি জনসভা ও ৬টি পথসভা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর আমির ও ঐক্যজোট নেতা মাহফুজুর রহমান এই বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিশাল জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শুরু হবে। ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি বহরে ১ হাজারের বেশি পাজেরো, হাইয়েস, মাইক্রোবাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যানবাহন যুক্ত থাকবে। কুষ্টিয়ায় একটি সমাপনী জনসভার মধ্য দিয়ে শেষ হবে ৩য় দফার এই লংমার্চ।
খুলনায় লংমার্চের আগমন উপলক্ষ্যে অভূতপূর্ব প্রস্তুতির কথা জানিয়ে জোট নেতারা জানান, লংমার্চের বহরকে খুলনার প্রবেশপথ থেকে শুরু করে ফুলবাড়ীগেট পর্যন্ত ১৭টি পয়েন্টে সুসজ্জিত গাড়ির বহর নিয়ে স্বাগত জানানো হবে। পরবর্তীতে খুলনার বাবরী চত্বর (শিববাড়ী মোড়) এবং ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হবে।
শিববাড়ী মোড়ের পথসভাটিকে ঘিরে বিশাল আয়োজনের কথা উল্লেখ করে তারা বলেন, শিববাড়ী মোড়ে ৪৫/২৪ বর্গফুটের একটি সুবিশাল মঞ্চ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পুরো এলাকা ও তার আশপাশে ২০০টি মাইকের হর্ন স্থাপন করা হচ্ছে। মূল পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং এটি মহামানবসমুদ্রে পরিণত হয়ে জনসভায় রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রচার-প্রচারণা ও সাজসজ্জার অংশ হিসেবে ইতোমধ্যে ২০টি দৃষ্টিনন্দন তোরণ, ১০০টি বড় সাইজের বিলবোর্ড, সাড়ে ১৩ হাজার প্যানা, ২ হাজার ফেস্টুন এবং প্রায় তিন লাখ লিফলেট বিতরণ ও টাঙানোর কাজ সম্পন্ন হয়েছে। সমগ্র কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ১ হাজার ২০০ নিবন্ধিত স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহ্বায়ক আহম্মদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো. রাশেদ এবং মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানসহ জোটের অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।
সময়ের আলো/এনএন