প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পিএম
কচুয়া থলচালা টুংগীরচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীতটাঙ্গাইলের সখীপুরে কৃষিজমি থেকে দুটি লোহার বাক্সে ১২টি মর্টার শেল সদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা (টুংগীরচালা) এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আরছব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান তারা। পরে বাক্স দুটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো অনেক পুরোনো ও জং ধরা। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি মর্টার শেল সদৃশ বস্তু পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়। বাক্স দুটির গায়ে ‘East Pakistan Police’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইলে খবর শুনে এসে দেখি অনেক লোকজন। এগুলো দেখে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার গোলাবারুদ।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
সময়ের আলো/এনএন