প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল ও ১২টি ভারতীয় গরু জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল আটক করা হয়। আটক মালামালের সর্বমোট মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে ধবলসূতি বিওপির টহলদল সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করে।
এ ছাড়া একই দিন ভোর ৪টা ৩০ মিনিটে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম রাবার ড্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করে।
বিজিবি জানায়, আটককৃত মোটরসাইকেল ও গরুর সর্বমোট সিজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সময়ের আলো/জোই