প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম
প্রতীকী ছবিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে সংঘটিত সাবান হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নাসির মিয়া, গিয়াস মিয়া, বিলাল মিয়া ও দুলাল মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। তাদের মধ্যে তিনজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি ১১ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।
সময়ের আলো/এনএন