প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম
কলমাকান্দা থানা। ছবি : সংগৃহীতনেত্রকোণায় ব্যাটারিচালিত দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক উল্টে গিয়ে নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ইজিবাইক উল্টে সাউদা মনির ওপর পড়ে। এতে মারাত্মকভাবে আহত হয় ওই শিশু। পরে স্থানীয়রা ইজিবাইকটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন