প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম
চট্টগ্রাম কাস্টমস হাউজ। ছবি : সংগৃহীতচট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক ভর্তি ১০টি কনটেইনার আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে কাস্টমস গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। কাঁচা তামাকের আমদানিকারক গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড। এসব তামাক আমদানি করা হয় বন্ড সুবিধায়। আটক করা তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব। যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
প্রাথমিক পর্যালোচনায় চালানটির আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে। একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার দরে শুল্কায়ন করা হয়। এ চালানে প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানায়, বন্ড সুবিধায় আমদানি করা তামাকের প্রকৃত ব্যবহার এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়েই শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে।
সময়ের আলো/এনএন