চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও দেখছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঘরের মাঠে হারের ক্ষত ভুলে নতুনভাবে শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০-তেই বাংলাদেশের কাছে

2026-05-08T04:30:02+00:00
2026-05-08T04:30:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও দেখছে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৩০ এএম 
পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনের ছবি। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে হারের ক্ষত ভুলে নতুনভাবে শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০-তেই বাংলাদেশের কাছে হেরেছিল তারা। আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ। এবার বাংলাদেশের মাটিতে। মিরপুর টেস্ট দিয়ে লড়াইয়ে নামবে দুদল। এবারও দুই ম্যাচেরই সিরিজ হচ্ছে। তবে এবারের সিরিজকে চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগ হিসেবে দেখছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

সুযোগ হিসেবে দেখার কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। সাদা পোশাকের লড়াইয়ে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা। বাংলাদেশকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফেরা। এ ব্যাপারে মাসুদ জানান, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। 

আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।’

ঘরের মাঠে টাইগারদের কাছে ২-০-তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এবারের সিরিজ তাদের জন্য প্রতিশোধেরও। তবে প্রতিশোধ শব্দে ঘোর আপত্তি পাকিস্তানি অধিনায়কের, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম, যেমন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল, তখনও তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’

এবার বাংলাদেশে এসেও ভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়েই যেতে হচ্ছে পাকিস্তান দলকে। মিরপুরে তাদের খেলতে হবে স্পোর্টিং উইকেটে। পাকিস্তানের পেস বোলিং ভালো নাকি বাংলাদেশের এমন প্রশ্নে শান মাসুদ বলেন, ‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। আমি এ পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুদলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’ 

শান আরও যোগ করেন, ‘প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি, এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।’ 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পাকিস্তান  টেস্ট সিরিজ  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: