হরমোজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি জাহাজে রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার সমুদ্র ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি নোঙর করা অবস্থায় গত সোমবার জাহাজটির ইঞ্জিন রুমে এই বিস্ফোরণ ঘটে। তবে এটি কোনো পরিকল্পিত হামলা কি না, তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি দাবি করেন, ইরানই দক্ষিণ কোরিয়ার ওই জাহাজটি লক্ষ্য করে গুলি চালিয়েছে। একইসঙ্গে হরমোজ প্রণালিতে নৌ-চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে সিউলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে দক্ষিণ কোরিয়া এই আহ্বানে এখনো কোনো সাড়া দেয়নি।
এদিকে, সিউলে অবস্থিত ইরান দূতাবাস এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। এক বার্তায় তারা জানায়, ইরানি সশস্ত্র বাহিনী জাহাজটির ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তেহরান তা স্পষ্টভাবে অস্বীকার করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাহাজে থাকা ছয়জন দক্ষিণ কোরিয়ান নাগরিকসহ মোট ২৪ জন ক্রু সদস্যই অক্ষত ও নিরাপদ রয়েছেন। তদন্ত কার্যক্রম কতদিন চলবে সে বিষয়ে মন্ত্রণালয় এখনই সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি।
/কহু