দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার করেরগাঁওয়ে অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালামাল জব্দ করে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত সিসা বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। কারখানাটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় এলাকায় মারাত্মক পরিবেশদূষণ সৃষ্টি হচ্ছিল। এছাড়া বিষক্রিয়ায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগও রয়েছে।
আরও পড়ুন
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও প্রশাসন কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে পুনরায় উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল।
খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় এক্সকাভেটরের মাধ্যমে পুরো কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানকালে কারখানার মালিক ও শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। পরে কারখানার বিভিন্ন মালামাল জব্দ করে তাৎক্ষণিক নিলামে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়। নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এসব অবৈধ সিসা গলানোর কারখানা গড়ে উঠছে। নষ্ট ব্যাটারি ও ধাতব বর্জ্য গলানোর সময় সৃষ্ট বিষাক্ত ধোঁয়া স্থানীয় মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। পাশাপাশি কৃষিজমি, পরিবেশ ও গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএডি/