দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও উদ্ধারকর্মীরা। যদিও আনুষ্ঠানিকভাবে সেখানে যুদ্ধবিরতি বলবৎ থাকার কথা বলা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
লেবাননের টাইর থেকে রিপোর্ট করা সাংবাদিক ওবায়দা হিট্টো বলেন, যুদ্ধবিরতি থাকার কথা থাকলেও বাস্তবতায় তা দেখা যাচ্ছে না।”
স্থানীয় সিভিল ডিফেন্স ও জরুরি সেবাকর্মীরা দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ এলাকায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী— অন্তত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, ৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৬ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকারী দল জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি একটি আবাসিক ভবনে হয়েছে, যেখানে একাধিক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। ফলে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
মাঠপর্যায়ের সাংবাদিক ওবায়দা হিট্টো পরিস্থিতিকে “গণহত্যার মতো” বলে মন্তব্য করেন। তার ভাষায়, দক্ষিণ লেবাননে ধারাবাহিক বিমান হামলায় প্রতিদিনই বহু মানুষের মৃত্যু ঘটছে।
লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। যদিও কাগজে-কলমে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, বাস্তবে সংঘর্ষ ও বিমান হামলা থেমে নেই বলে অভিযোগ স্থানীয়দের।
/ইউএমএইচ