মা নিয়ে যত গান

শাহনেওয়াজ

আনন্দ সময়

মা শব্দটি একেবারে ছোট। কিন্তু এই শব্দটির অনেক ওজন, যা কোনোভাবে পরিমাপ করা সম্ভব নয়। মা শব্দটির ব্যাপ্তি এতই বিস্তৃত

2026-05-10T04:28:46+00:00
2026-05-10T04:28:46+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আনন্দ সময়
মা নিয়ে যত গান
শাহনেওয়াজ
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:২৮ এএম 
ছবি : সংগৃহীত
মা শব্দটি একেবারে ছোট। কিন্তু এই শব্দটির অনেক ওজন, যা কোনোভাবে পরিমাপ করা সম্ভব নয়। মা শব্দটির ব্যাপ্তি এতই বিস্তৃত যে, সাগরের একূল থেকে যেমন ওকূল কিছুই দেখা যায় না। অথই সমুদ্রের জলরাশির টেউ। যে ঢেউ গোনা যায় না। শুধু ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে। 

তেমনি ঢেউয়ের মতো মা মনের অলিন্দে শুধু ঢেউ জাগায়। মা শব্দে রয়েছে অনেক ব্যঞ্জনা, অনেক নতুন মাত্রা, যার কোনো হিসাব নেই। মাত্র একটি শব্দে মা আবদ্ধ হয়েও এর ব্যাপকতা সাগরের চেয়েও বিশাল। এই শব্দের চেয়ে আপন আর শব্দ নেই। জন্মের পর থেকেই এই শব্দটি বেশি উচ্চারিত হয়।

মা নিয়ে কত গল্প, উপন্যাস, কবিতা, কত না গান লেখা হয়েছে তার কোনো হিসাব নেই। কত শিল্পী কত গান গেয়েছেন তারও কোনো সঠিক পরিসংখ্যান নেই। কি দেশে, কি বিদেশে। বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার গাওয়া একটি ছবির গানের কলি হচ্ছে, ‘মাগো তোর কান্না আমি সইতে পারি না’। আরও এক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন মাকে দেশের উপমায় তুলে ধরেছেন- ‘ধন্য আমি জন্ম আমার মাগো’। বাংলাদেশের এমন কোনো কণ্ঠশিল্পী নেই যিনি মাকে নিয়ে গান করেননি। অ্যান্ড্রু কিশোর গেয়েছেন, ‘জন্ম দিয়েছ আমাকে ও মা তুমি প্রিয় মা’।

গণসংগীত ও দেশীয় পপশিল্পী ফকির আলমগীর গেয়েছেন, ‘মায়ের একধার দুধের দাম’। গানটি অনবদ্য। আবার আরেক পপস্টার ফেরদৗস ওয়াহিদ গেয়েছেন, ‘এমন একটা মা দে না’। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার কথার জাদুকরিতে। আরও একজন বিখ্যাত পপস্টার জেমস। 

তিনি গেয়েছেন, ‘দশ মাস দশ দিন ধরে গর্ভধারণ’। আবার ‘রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা’। পপগানের জগতে এক নায়ক আইয়ুব বাচ্চু। তিনি আম্মাজান নামে একটি ছবিতে গেয়েছেন, ‘আম্মাজান, আম্মাজান, চোখের মণি আম্মাজান’। গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছায়।

মো. খুরশিদ আলম গেয়েছেন একটি ছবিতে- ‘মাগো মা, ওগো মা আমারে বানাইলি তুই দিওয়ানা’। বিখ্যাত গীতিকার ও সংগীত পরিচালক খান আতাউর রহমানের সুরে তারই সুযোগ্যকন্যা রুমানা ইসলাম গেয়েছেন ‘মায়ের মতো আপন কেহ নাই রে’। আবার মুজিব পরদেশীর মায়ের প্রতি আকুল আবেদন জানিয়ে গেয়েছেন, ‘আমি বন্দি কারাগারে’। একসময়ের মেলোডিয়াস কণ্ঠের শিল্পী খালিদ হাসান মিলু গেয়েছেন, ‘কত দিন দেখি না মায়ের মুখ’।

মনির খানের মা নিয়ে বেশ কয়েকটি গান গেয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, ‘কোন মাটিতে তৈরিরে তুই মা’। ‘আবার বিছানার পাশে আছে পানের বাটা’। খান আতাউর রহমানের সুযোগ্যপুত্র আগুন গেয়েছেন, ‘আমার ইচ্ছা করে’। আবার উদাত্ত কণ্ঠের আসিফ গেয়েছেন, ‘মা জননী’। কুমার বিশ্বজিৎ গেয়েছেন, ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’। সুরেলা ও মাধুর্যভরা কণ্ঠের অধিকারী ন্যান্সি গেয়েছেন, ‘ফিরে এসো মা’। এ ছাড়া বাংলাদেশের অনেক শিল্পী অসংখ্য গান গেয়েছেন শুধু মা নিয়ে।

এবার যদি বাংলাদেশের বাইরে অন্য দেশের দিকে তাকাই তা হলে সেখানে মা নিয়ে গানের কমতি নেই। একসময়ের পাকিস্তানি শিল্পী নাহিদ নিয়াজী, যিনি বাংলাদেশে একটি গানে বিখ্যাত। তা হলো, ‘আকাশের ওই মিটিমিটি তারার সাথে কইবো কথা/ নাইবা তুমি এলে’। তিনি মাকে নিয়ে যে গানটি গেয়েছিলেন তা পাকিস্তানেও সাড়া জাগিয়েছিল। আর সেই গানের কলি হচ্ছে, ‘পেয়ারি মা দোয়া ক্যারো, জলদি বাড়া হয়ে জ্যা’। অর্থাৎ মাকে দোয়া করতে বলছে, যেন সে তাড়াতাড়ি বড় হয়ে যায়। মাকে কাজের সাহায্য করতে পারে।

বাংলাদেশের শ্রোতাদের কাছে নির্মলা মিশ্রের গানটি অত্যন্ত প্রিয়। আর তা হলো, ‘ও তোতা পাখি রে/ শিকল ছিঁড়ে উড়িয়ে দেব তোকে মাকে যদি এনে দিস’। মায়ের জন্য এত আকুল গান যুগে যুগে খুব কম রচিত হয়। ভারতের একটি শ্যামা সংগীত, ‘আমার সাধ না মিটিলো আশা না পুরিলো’। কমলাকান্ত ভট্টাচার্যের লেখা গানটি একসময়ে দুই বাংলায় খুবই জনপ্রিয় ছিল। পরে এই গানটি কুমার শানু গেয়েছেন। যা বাংলাদেশের চাঁপাডাঙ্গার বৌ ছবিতে সংযোজন করা হয়। এই গানটি ভারতের অনুরাধা পৌডওয়াল ও বাংলাদেশের খুরশিদ আলম গেয়েছেন।

ভারতের অনেক ছবিতে মাকে নিয়ে গান গাওয়া হয়েছে। যেমনি রাজা অর রনক ছবিতে ‘তু কিতনি আচ্ছি হ্যায়’ গানটি গেয়েছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকার। এই শিল্পীর গাওয়া আরও একটি গান হচ্ছে, ‘ম্যায়নে মা কো দেখা হ্যায়’। ছবিটি ছিল মাস্তানা। ছবিটি নির্মিত হয়েছিল মার্ক টোয়েনের একটি গল্প থেকে। যেখানে একজন মা তার সন্তানের ওপর যে নির্দোষ বিশ্বাস থাকে, সেই চিত্র ফুটে উঠেছে। আরও একটি গান ‘খুশিও কা দিন আয়া হ্যায়’ অনুরাধা পৌডওয়াল গেয়েছেন বেটা ছবিতে। 

এ ছাড়া তারে জমিন পর, মেরি মা, অ্যায়সা কিউ মাসহ অসংখ্য ছবিতে মাকে নিয়ে গান গাওয়া হয়েছে। একজন কিংবদন্তি শিল্পী ও সংগীত পরিচালক এসডি বর্মণ নিজেই গেয়েছেন তালাশ ছবিতে। আর সেই গানের কথা ছিল, মেরি দুনিয়া হ্যায় মা তেরে আঁচল মে’। 

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: