শর্তসাপেক্ষে বিশ্বকাপে খেলবে ইরান

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। গতকাল দেশটির ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে,

2026-05-10T05:28:42+00:00
2026-05-10T05:28:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
শর্তসাপেক্ষে বিশ্বকাপে খেলবে ইরান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:২৮ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। গতকাল দেশটির ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের জাতীয় দল আসন্ন এই বিশ্ব আসরে মাঠে নামবে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং আয়োজক দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক তিক্ততার প্রেক্ষাপটে বেশ কিছু কঠোর শর্তজুড়ে দিয়েছে তেহরান। বিশেষ করে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে ইরানের দেওয়া শর্তাবলিতে সম্মত হওয়ার দাবি জানানো হয়েছে।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এই দোলাচলের মূলে রয়েছে গত ফেব্রুয়ারি মাসে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো আগ্রাসন। সেই ঘটনার পর থেকেই ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছিল, ইরান কি আদৌ বিশ্বমঞ্চে ফিরবে? অনিশ্চয়তার পালে হাওয়া লাগে গত মাসেও, যখন ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়া ইরানি ফুটবল ফেডারেশনের প্রধানকে নিজ দেশে ঢুকতে বাধা দেয় কানাডা। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এখন পাল্টা অবস্থান নিয়েছে ইরান। ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট করে বলা হয়েছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেব, তবে আয়োজকদের আমাদের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখেই আমরা মাঠে নামতে চাই।’

ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ১০টি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে অন্যতম হলো টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও স্টাফদের নির্বিঘ্ন ভিসা প্রদান, ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর থেকে হোটেল ও স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতের পথে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। মূলত আয়োজক দেশগুলোর পক্ষ থেকে নিজেদের নাগরিকদের জন্য ‘সদাচরণের নিশ্চয়তা’ চাইছে ইরান।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি ফুটবলারদের এই টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে একটি জায়গায় অনড় অবস্থানে রয়েছে ওয়াশিংটন; যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন আইআরজিসির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কোনো প্রতিনিধিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 

এই অবস্থান আবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, ইরানি ফুটবলপ্রধান মাহদি তাজের দাবি মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো তারকা ফুটবলার যারা সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের সবাইকে কোনো ধরনের জটিলতা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।

ভূরাজনৈতিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম ও মিসর। এখন দেখার বিষয়, রাজনৈতিক দরকষাকষি শেষে শর্ত পূরণ করে শেষ পর্যন্ত নির্বিঘ্নে টুর্নামেন্টে অংশ নিতে পারে কি না ‘টিম মেল্লি’রা।

সময়ের আলো/আআ



  বিষয়:   শর্ত  বিশ্বকাপ  ইরান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: