প্রত্যাশা পুলিশের সমস্যাগুলো সমাধান হবে

সম্পাদকীয়

মতামত

‘পুলিশ জনগণের বন্ধু’ এই আপ্ত বাক্যটি আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত। সত্য হলেও তাদের আশা-হতাশা নিয়ে আমরা কখনো কি আন্তরিকতার

2026-05-10T06:41:13+00:00
2026-05-10T06:41:13+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মতামত
পুলিশে আশা হতাশার গল্প
প্রত্যাশা পুলিশের সমস্যাগুলো সমাধান হবে
সম্পাদকীয়
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৪১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
‘পুলিশ জনগণের বন্ধু’ এই আপ্ত বাক্যটি আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত। সত্য হলেও তাদের আশা-হতাশা নিয়ে আমরা কখনো কি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করতে চেষ্টা করেছি বলে মনে হয় না। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর আশা এবং বঞ্চনার গল্পে আমরা ব্যথিত হয়েছি! জুলাই আন্দোলনের সময় পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে তারা নৈতিক সংকটে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পূর্ণ সক্রিয় ভূমিকা রাখতে পারছে না। এসব কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, যা জনজীবনে উদ্বেগ তৈরি করছে। 

তবে প্রতিদিনের সংবাদে পুলিশবাহিনীর দুর্দশার গল্পও শোনা যায়। দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এই বাহিনী আজ নানা সমস্যায় জর্জরিত। কর্মঘণ্টা, পদোন্নতি, পরিবার থেকে দূরত্ব, মানসিক চাপ- এসবের মধ্যে দিন কাটাচ্ছেন পুলিশ সদস্যরা। ৫ আগস্টের পর থেকে ডিউটির ভেতর দিয়ে তারা এখন এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। সম্প্রতি সরাসরি চার হাজার এসআই নিয়োগের সিদ্ধান্তের ফলে পদোন্নতির জন্য অপেক্ষমাণ অনেক পুলিশ সদস্যের মনোবল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। 

দৈনিক সময়ের আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়- পুলিশ বর্তমানে খুবই কঠিন সময় পার করছে। মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই বললেই চলে; সাপ্তাহিক ছুটি বা উৎসবের ছুটিও যেন তাদের জন্য এক স্বপ্নের হরিণ। কর্মস্থলে পরিবারকে সময় দিতে না পারা, বাসস্থান-সংক্রান্ত সমস্যা, মানসিক চাপ- এসবের কারণে অনেক পুলিশ সদস্য মানসিকভাবে বিপর্যস্ত। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে আইনভঙ্গের প্রবণতা বেড়ে যাওয়ায় তাদের কাজের চাপ আরও বেশি। কঠোর অবস্থান নেওয়া যায় না, ফলে পরিস্থিতি আরও জটিলতা সৃষ্টি করে তুলেছে।

অপরাধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুলিশে নেতিবাচক মনোভাবও বাড়ছে। সমাজের এই ধারণা বদলে দিতে না পারলে পুলিশের দায়িত্ব পালনে কাজ আরও কঠিন হয়ে পড়বে। পদোন্নতি ও বদলি-সংক্রান্ত জটিলতা, আবাসন সংকট, যানবাহনের অভাব- এসব সমস্যা পুলিশবাহিনীকে দুর্বল করে তুলছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ ও অবসাদ। মানসিক স্বাস্থ্যসেবা না থাকায় অনেক পুলিশ সদস্যই হতাশায় ডুবে যাচ্ছেন, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে।

ডিএমপির শাহ আলী থানার একজন উপপরিদর্শক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে টানা ডিউটি করতে হচ্ছে অনেককেই। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মবের মতো ঘটনাগুলো মোকাবিলা করতে হয়েছে। এর পরপরই করতে হয়েছে নির্বাচনি ডিউটি। এ ছাড়া নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থাকতে হচ্ছে বদলি আতঙ্কে। সব মিলিয়ে কোনো ছুটি কিংবা বিশ্রাম ছাড়াই অনেককে টানা ডিউটি করতে হয়। 

সরকারের পক্ষ থেকে পুলিশবাহিনীর উন্নয়ন ও স্বচ্ছতার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও সমস্যার সমাধান এখনও এগোয়নি। কর্মঘণ্টা কমানো, পদোন্নতি সহজ করা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করা খুবই জরুরি। পুলিশ সদস্যদের জীবনমান উন্নত করতে হলে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। এতে শুধু পুলিশবাহিনী শক্তিশালী হবে না, সমাজের নিরাপত্তাও নিশ্চিত হবে। 

আমাদের দায়িত্ব পুলিশের পাশে দাঁড়ানো। তাদের কাজের প্রতি সম্মান ও সমর্থন প্রদর্শন করতে হবে। পুলিশ সপ্তাহ-২০২৬-এর মাধ্যমে তাদের কষ্টের কথা তুলে ধরা হয়েছে, তবে বাস্তবতা হলো- সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে এখনই। পুলিশবাহিনী যাতে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য সবার সহযোগিতা ও সচেতনতা জরুরি। কারণ একটি নিরাপদ সমাজের জন্য নিরাপদ পুলিশ অপরিহার্য। 

আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে পুলিশের সমস্যাগুলো সমাধান হবে এবং তারা আরও শক্তিশালী ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবেন। উজ্জ্বল হবে পুলিশবাহিনীর ভাবমূর্তি। তাদের ওপর মানুষের আস্থাও ফিরে আসবে। সংশ্লিষ্টরা এ বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনায় এনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে- এটাই আমাদের প্রত্যাশা।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: