লিওনেল মেসি আর রেকর্ড- ফুটবল বিশ্বে নান্দনিক দুটি শব্দ। এটি আবার সমার্থকও। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে জাদুকরী বাঁ পায়ের সেই চেনা ছন্দ একটুও কমেনি, বরং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আঙিনায় প্রতি ম্যাচেই নতুন কোনো ইতিহাস লিখছেন।
কানাডার টরন্টোতে যেন তেমনই এক ‘মেসি শো’ দেখে ফুটবল বিশ্ব। টরন্টো এফসিকে ৪-২ গোলে উড়িয়ে দেওয়ার রাতে এমএলএস-এর ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০তম (গোল ও অ্যাসিস্টসহ) গোলে অবদান রাখার বিরল এক রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মাইলফলক ছোঁয়ার পথে মেসি পেছনে ফেলেছেন এমএলএসের সাবেক তারকা সেবাস্তিয়ান জিওভিনকোকে। ইতালিয়ান ফরোয়ার্ড জিওভিনকোর ১০০ গোলে অবদান রাখতে লেগেছিল ৯৫ ম্যাচ।
সেখানে মেসি মাত্র ৬৪ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে লিগের ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করেন। অর্থাৎ ৩১ ম্যাচ হাতে রেখেই রেকর্ডটি নিজের করে নেন বর্তমান বিশ্বজয়ী অধিনায়ক। টরন্টোর বিপক্ষে রেকর্ড গড়ার রাতে একটি দুর্দান্ত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল।
ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণের ধার বজায় রাখে ইন্টার মিয়ামি। তবে ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৪৪ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে এক বুলেট গতির ভলিতে প্রতিপক্ষের জাল কাঁপান রদ্রিগো ডি পল।
চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আরও আগ্রাসী হয়ে ওঠে মিয়ামি। ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে মেসির এক নিখুঁত ও মাপা পাস খুঁজে নেয় লুইস সুয়ারেজকে। সেখান থেকে লক্ষ্যভেদে ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।
এরপর ৭৩ মিনিটে আবারও মেসি-জাদু। তার দ্বিতীয় অ্যাসিস্ট থেকে মিয়ামির হয়ে নিজের প্রথম গোলের দেখা পান সার্জিও রেগিলন। স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্তটি আসে ৭৫ মিনিটে। ডি পলের সঙ্গে চমৎকার এক ‘ওয়ান-টু-ওয়ান’ পাসে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি।
সেখান থেকে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন অধিনায়ক নিজে। এটি চলতি মৌসুমে মেসির নবম গোল। শেষ দিকে টরন্টো দুই গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও, মিয়ামির জয় আটকানোর মতো যথেষ্ট ছিল না।
বড় জয়ে অ্যাওয়ে ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখল ইন্টার মিয়ামি। এখন পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে মেসিরা। আগামী বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে পরের ম্যাচ মিয়ামির।
/এসএকে