মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খেলা বন্ধ হওয়ার আগে থেকেই আকাশ ছিল মেঘলা, আর আলো পরিস্থিতিও ছিল বেশ নাজুক।
সোমবার (১১ মে) সকাল ১১টা থেকেই মাঠে পর্যাপ্ত প্রাকৃতিক আলো পাওয়া যাচ্ছিল না। তাই প্রায় এক ঘণ্টা তিনটি ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চালানো হয়। প্রথম সেশনের বড় অংশ জুড়েই আলো কম থাকায় ব্যাটিং ও বোলিং দুই দলকেই কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
দুপুর ১২টায় লাঞ্চ বিরতির পর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এরপর বেলা পৌনে একটার দিকে বৃষ্টি শুরু হলে মাঠকর্মীরা দ্রুত উইকেট ও আউটফিল্ড ঢেকে ফেলেন। আগে থেকেই প্রস্তুত থাকা গ্রাউন্ড স্টাফরা দ্রুতই পিচ এবং ৩০ গজ সার্কেল কভারে ঢেকে দেন।
আরও পড়ুন
বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে। এতে দুই ইনিংস মিলিয়ে দলের লিড দাঁড়ায় ১২০ রানে।
দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ভালো হয়নি। প্রথম ঘণ্টার মধ্যেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম সাজঘরে ফিরে যান। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তারা।
চাপে পড়া দলকে আবারও টেনে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তাদের জুটিতে আসে ৭০ রানের মূল্যবান পার্টনারশিপ। শান্ত ৩৪ রানে এবং মুমিনুল ৩৭ রানে অপরাজিত ছিলেন বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময়।
এএডি/