কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। ছবি : সময়ের আলো
কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষিকে আরও সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ টি ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম।
কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষক সহ অন্যান্যরা।
নাসিরুল আলম বলেন, ‘ঠাকুরগাঁও কৃষি সমৃদ্ধ হওয়ায় সারা বছরই জমিগুলো চাষাবাদ হয়ে থাকে। ফলে, মাটির জৈব গুণ দিন দিন হারিয়ে যাচ্ছে। মাটির গুণাগুণ রক্ষায় কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোক্তা তৈরি হরা হচ্ছে এবং উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে এসব কম্পোস্ট সেপারেটর মেশিন প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে, আগামীতেও প্রদান করা হবে।’
জানা যায়, নারী পুরুষ মিলিয়ে জেলায় ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্যোক্তা রয়েছে।
উল্লেখ্য, কৃষকদের বিতরণ করা ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিনগুলোর প্রতিটির বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।