গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. নুরুল ইসলাম নাহিদ রাহিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ( ১১ মে ) দুপুরে কাপাসিয়া ইউনিয়নের বলদার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নাহিদের পরিবারের সদস্যরা সেখানে এসে মরদেহ শনাক্ত করেন।
পরিবার ও থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৯ মে সকাল ৯টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিকেল ৩টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ১১ মে নাহিদের বাবা আবদুস ছালাম (৪৮) কাপাসিয়া থানায় একটি জিডি করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাহিদ সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে মারা গেছে, কারণ সে সাঁতার জানত না।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এসএকে