৪টি নতুন ইনস্টিটিউট যুক্ত হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৪৫ এএম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলো
নতুন ৪টি ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
সোমবার (১১ মে) বিকেলে সর্বশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম।
সিন্ডিকেট সভায় ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমিতসংখ্যক শিক্ষক ও জনবল নিয়ে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় দুটি ভাড়া ভবনে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টি নিয়ে একাডেমিক কার্যক্রম চললেও, নতুন করে আরও চারটি ইনস্টিটিউট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যাবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কৃষি গবেষণার পথ প্রশস্ত করতে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গবেষণা অনুদান প্রদান করেছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুকৃবির সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিন্ডিকেট সভায় চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেশওয়াটার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট নামে চারটি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।
কুকৃবি ভিসি অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম বলেন, ‘ কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টিতে পাঠদান চললেও, আগামীতে আমরা চারটি ইনস্টিটিউট চালুর অনুমোদন পেয়েছি। আশা করছি, সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেবে।’
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে অনুদান পেলে- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও জানান তিনি।