‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহৃত হওয়ার গ্লানি মুছে পুলিশ বাহিনী বর্তমানে তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে

2026-05-12T19:12:15+00:00
2026-05-12T19:12:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:১২ পিএম 
পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহৃত হওয়ার গ্লানি মুছে পুলিশ বাহিনী বর্তমানে তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। আইজিপি বিশ্বাস করেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ব্যবহারের ফলে সৃষ্ট জনবিচ্ছিন্নতা কাটিয়ে পুলিশ বাহিনীতে এখন পূর্ণ শৃঙ্খলা ফিরে এসেছে।

অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, অতীতে পুলিশ বাহিনীকে যেভাবে পেটোয়া বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছিল, সেখান থেকে বর্তমান পুলিশ সদস্যদের ইমেজ রিগেইন বা ভাবমূর্তি ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ ছিল। 

বর্তমানে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন এবং বাহিনীর এই শৃঙ্খলা আগামীতেও বজায় থাকবে। তিনি দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য মাদককে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন এবং এর বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এ দিনের অনুষ্ঠানে গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে প্রশংসনীয় ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়। 

আইজিপি নিজ হাতে পদকপ্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেন এবং পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য সমৃদ্ধ করার জন্য তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য পুলিশের বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়।

অস্ত্র ও মাদক উদ্ধারের সফলতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ইউনিটগুলোকে পুরস্কৃত করা হয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় স্থান অধিকার করেছে। 

অন্যদিকে মাদক উদ্ধারে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম এবং এপিবিএন দল দ্বিতীয় স্থান লাভ করে। আইজিপি পুলিশের সকল সদস্যকে অতীতের কালিমা মুছে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: